প্রেমিকার বাসার সামনে নিজের পেটে ছুরিকাঘাত, তরুণের মৃত্যু

রাজধানীতে প্রেমিকার বাসার সামনে নিজের পেটে ছুরিকাঘাত করে মো. নিরব (১৯) নামের এক তরুণ মারা গেছেন।

শনিবার রাজধানীর কদমতলী থানা এলাকায় এ ঘটনা ঘটে। নিরব শরীয়তপুরের নড়িয়া উপজেলার মো. মতি মিয়ার ছেলে। তিনি ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করতেন এবং কেরানীগঞ্জ মডেল থানার কাঠপট্টি নদীপাড়ে থাকতেন।

নিরবের বন্ধু সিয়াম জানান, আজ তাকে সঙ্গে নিয়ে নিরব তার প্রেমিকার বাসায় যান। সেখানে সিয়ামকে একটু দূরে রেখে নিরব প্রেমিকার বাসার কাছে যান। সেখানে প্রেমিকার বাবা-মায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে নিজের পেটে ছুরিকাঘাত করেন।

এ অবস্থায় নিরবকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান সিয়াম। সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার এসআই সোহাগ রানা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে একটি মেয়ের সঙ্গে নিরবের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বাসার সামনে গিয়ে পেটে ছুরিকাঘাত করে তিনি আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, এ ছাড়া মৃত্যুর অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।