জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠন করা সরকারবিরোধী বড় রাজনৈতিক মোর্চা জাতীয় ঐক্যফ্রন্টের আজ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রতিষ্ঠাবার্ষিকী ও আবরার ফাহাদের হত্যার বিচার দাবিতে বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে গণজমায়েত ও নাগরিক শোক র‌্যালি করবে তারা। এতে নেতৃত্ব দেবেন ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বক্তব্য রাখবেন ফ্রন্টের শরিক দলগুলোর শীর্ষ নেতারা।

গত ২ অক্টোবর রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের আইনি চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকায় সমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে অবিলম্বে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দির মুক্তির দাবি জানানো হয়। ফ্রন্টের সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত : আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত গণজমায়েত ও শোক র‌্যালি সফল করতে গতকাল মতিঝিলের আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় শোক র‌্যালি সফল করতে জাতীয় ঐক্যফ্রন্টের সকল সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।