প্রকাশিত সংবাদে আওয়ামী লীগ নেতা জুয়েলের প্রতিবাদ

গত ৬ অক্টোবর দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত ‘খিলগাঁওয়ে রাস্তা দখল করে বউ বাজার’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান জুয়েল। নিজেকে সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা উল্লেখ করে লিখিত প্রতিবাদপত্রে তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে হেয় করার জন্য কুচক্রী মহল বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করায় সামাজিকভাবে তার মানসম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তিনি এলাকায় মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ ও যেকোনো রকম অন্যায়ের বিরুদ্ধে আপোসহীনভাবে কাজ করছেন। ওই প্রতিবেদনে সামাজিকভাবে তার ও তার পরিবারের সামাজিক মানমর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য : স্থানীয় বাসিন্দাদের অভিযোগ থেকে প্রাপ্ত তথ্য পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের কাছে যাচাই করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। দেশ রূপান্তরে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর বউ বাজার ও খিলগাঁও তালতলা মার্কেটের সামনের পার্কিংয়ের জায়গায় উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করা হয়েছে। নূরুজ্জামান জুয়েল বা তার পরিবারের কারও সম্মানহানি করা প্রতিবেদনের উদ্দেশ্য নয় বরং জনস্বার্থে রাস্তা ও পার্কিংয়ের জায়গা দখলমুক্ত করাই ছিল প্রতিবেদনের উদ্দেশ্য।