নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবের সই জাল করে জনসাধারণকে সহস্রাধিক জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে ওই ইউপির রফিকুল ইসলাম সুলতু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের তথ্য সেবাকেন্দ্রের উদ্যোক্তা। তার বাড়ি ইউনিয়নের নুরপুর বোয়ালি গ্রামে।
গতকাল শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় তার বিরুদ্ধে ইউপি সচিব মুসা মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে খালিয়াজুরী থানায় মামলা দেন। পরে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসব তথ্য নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক।
ওসি জানান, সুলতু মেন্দিপুর ইউপির চেয়ারম্যান লোকমান হেকিম ও ইউপি সচিব মুসা মিয়ার সই জাল করে গত সাত বছরে ১ হাজার ৩০০টি জন্মনিবন্ধন সনদ জনসাধারণকে দিয়েছেন।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে। ভুয়া জন্মসনদ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরশাদুল আহমেদ উজ্জ্বলের তৈরি করা একটি তদন্ত প্রতিবেদনও থানায় দায়ের করা ইউপি সচিবের অভিযোগের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসায় জন্মনিবন্ধন সনদ জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি সুলতু স্বীকার করেছেন। তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।