প্রবৃদ্ধি অর্জনে বেশি ভূমিকা রাখছেন ক্ষুদ্র উদ্যোক্তারা : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক  (বিআইসিসি) সম্মেলন কেন্দ্র আইএফআইসি-সমকাল শিল্প বাণিজ্য পুরস্কার-২০১৮ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় চারজন উদ্যোক্তা ও একটি প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড চালু করা হয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ অর্থনৈতিক অগ্রগতিতে বিস্ময় সৃষ্টি করেছে। এ ক্ষেত্রে উদ্যোক্তারা অসামান্য ভূমিকা রেখে চলেছেন। তাদের এই অসামান্য অবদানের স্বীকৃতি দিলে তারা আরও কাজ করবেন। এই উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসিত।