দিল্লির রাস্তায় প্রকাশ্যে চুরি হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাইঝির মোবাইল ও পার্সে থাকা ৫০ হাজার রুপি। একই এলাকায় স্থানীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এই ঘটনায় বেশ আলোচনা হচ্ছে। একই সঙ্গে প্রশ্ন উঠে গেছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও।
এই ঘটনায় শনিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন দময়ন্তী বেন মোদি। তিনি প্রধানমন্ত্রী মোদির ভাইয়ের মেয়ে।
দিল্লি সিভিল লাইনস এলাকায় গুজরাটি সমাজ ভবনের সামনে এই ঘটনা ঘটেছে বলে সংবাদ সংস্থাকে জানান দময়ন্তী। ওই এলাকা দিয়ে অটোতে যাচ্ছিলেন তিনি, এমন সময়ে তার ব্যাগ ছিনিয়ে বাইকে পালিয়ে যায় দুই চোর। ব্যাগে দুটি মোবাইল ছাড়াও নগদ ৫০ হাজার রুপি ছিল বলেও জানান তিনি।
যে এলাকায় এই ঘটনা ঘটেছে, তার কিছু দূরেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন।
দময়ন্তী মোদির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।