রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে কলেজ শিক্ষার্থী রাজীব হাসানের মৃত্যুর ঘটনায় স্বজন পরিবহনকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নিহতের দুই ভাইকে এক মাসের মধ্যে ক্ষতিপূরণের ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে স্বজন পরিবহনের করা এক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ রোববার সকালে এই আদেশ দেন। একই সঙ্গে জানানো হয়, পরবর্তী শুনানি হবে ১৭ নভেম্বর।
গত বছরের ৩ এপ্রিল বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত কাটা পড়ে তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীবের। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চ গত ২০ জুন এক রায়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের বাসকে এ দুর্ঘটনার জন্য সমানভাবে দায়ী করে। দুই বাসের কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ হিসেবে ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা রাজীবের পরিবারকে পরিশোধ করতে বলা হয়।
স্বজন পরিবহনের মালিকপক্ষ হাই কোর্টের ওই রায় স্থগিতের আবেদন নিয়ে এলে রোববার তা আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।
স্বজন পরিবহনের পক্ষে শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম বাবুল। রাজীবের পরিবারের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। বিআরটিসির পক্ষে কেউ আদালতে ছিলেন না।