সাতক্ষীরা বাইপাস সড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হজরত আলী (৪৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাইপাস সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত হজরত আলী আলীপুর গ্রামের জবেদ আলীর ছেলে। আহত নজরুল ইসলাম মধুমল্লারডাঙ্গি গ্রামের আবদুল আজিজের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাইপাস সড়কে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হজরত আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। আহত নজরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে বলেও তিনি জানান।