রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় মা নিহত, ছেলে আহত

রাজধানীর কাকরাইলে কাভার্ডভ্যান চাপায় মাকসুদা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তার ছেলে মাইন (১১) । রাজমণি সিনেমা হলের পাশে রবিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদার বাড়ি বরিশালের মুলাদি উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে। মগবাজার মধুবাগ এলাকায় ভাড়া থাকতেন।

রমনা থানার এসআই হাবিবুর রহমান গণমাধ্যমকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ছেলেকে নিয়ে বরিশাল থেকে লঞ্চ করে ঢাকার সদরঘাটে নামেন মাকসুদা। সেখান থেকে রিকশায় করে মধুবাগের বাসায় যাওয়ার পথে রাজমণি ক্রসিংয়ে সামনে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের রিকশাকে ধাক্কা দেয়।

এ সময় দুই আরোহী রিকশা থেকে ছিটকে পড়েন। কাভার্ডভ্যানটি মাকসুদাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাকসুদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত মাইন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

পুলিশ আরও জানায়, কাভার্ডভ্যানের চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে।