ব্যাংকে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে দুজন গুলিবিদ্ধ

বাগেরহাটের ফকিরহাটে ব্যাংকে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার সকালে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শুকদাড়া মহিষ প্রজনন খামারের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গুলিবিদ্ধরা হলেন- বাগেরহাটের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের মো. নিয়ামত হোসেন (৪০) এবং সদর উপজেলার চুলকাঠি এলাকার রাধা দাস (৪৫)। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম বলেন, সকাল দশটার দিকে সদর উপজেলার চুলকাঠি বাজারের মেসার্স রিয়া স্টোরের কর্মচারী মো. নিয়ামত হোসেন মোটরসাইকেলে করে রাধা দাসকে সঙ্গে নিয়ে কাটাখালীর সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংকে যাচ্ছিলেন। পথিমধ্যে খুলনা-মোংলা মহাসড়কের শুকদাড়া মহিষ প্রজনন খামারের সামনে পৌঁছালে পেছন থেকে অপর একটি মোটরসাইকেলে থাকা তিন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হন।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কাছে কি পরিমাণ টাকা ছিল এবং তা ওই দুর্বৃত্তরা নিতে পেরেছে কিনা তা নিশ্চিত করতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।

মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা গুলি করে মোংলার দিকে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।