প্রথম ইনিংসেও ফিরেছিলেন থিতু হয়ে। দ্বিতীয় ইনিংসেও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন তামিম ইকবাল। কিন্তু অর্ধশতক থেকে মাত্র চার রান দূরে থাকতে চট্টগ্রাম বিভাগের এই ওপেনিং ব্যাটসম্যানকে হতাশ করলেন ঢাকা মেট্রোপলিটনের মাহমুদউল্লাহ রিয়াল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এনসিএলের দ্বিতীয় স্তরের ম্যাচটির চতুর্থ ও শেষ দিন রোববার সকাল থেকেই বেশ দেখে-শুনে চালাচ্ছিলেন চট্টগ্রামের তামিম। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় থাকা অভিজ্ঞ এই ব্যাটসম্যানের দিকে তাকিয়ে সবাই। আগামী মাসেই যে জাতীয় দলের ভারত সফর।
প্রথম ইনিংসে ৬৪ রানে পিছিয়ে থাকা চট্টগ্রামকে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামকে দারুণ শুরু এনে দেন তামিম। তাদের জুটিতে আসে ১০২ রান। ৫৭ রান করে ফেরেন পিনাক। ডাক মারের অধিনায়ক মুমিনুল হক।
দলীয় ১০৫ রানে আউট হয়ে ফেরেন তামিম। এর আগে ১১২ বলে চার চার ও এক ছক্কায় ৪৬ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম ইনিংসে তামিমের ব্যাট থেকে এসেছিল ৩০ রান।
তামিম, পিনাক, মুমিনুল- তিনজনের উইকেটই নিয়েছেন ঢাকার মাহমুদউল্লাহ। প্রথম ইনিংসেও তিনটি উইকেট নিয়েছিলেন জাতীয় দলের এই পার্টটাইম অফ স্পিনার।