তুরস্কে কুর্দিদের হামলায় এক শিশুসহ ১৮ জন বেসামরিক লোক নিহত হয়েছে। সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের অবস্থানে তুরস্কের অভিযান চলাকালীন এ হামলা হলো।
আনাদলু জানায়, দেশটির সীমান্তবর্তী প্রদেশ মারদিন ও সানলিউরফার একাধিক শহরে একাধিক হামলা চালায় কুর্দিরা। সিরিয়া থেকে মর্টার শেল নিক্ষেপ করে এসব হামলা চালানো হয়।
মারদিনের নুসাইবিন জেলায় কুর্দিদের হামলায় নিহত হয়েছে ১১ জন বেসামরিক লোক। সানলিউরফার তিনটি জেলায় মারা গেছে ৭ জন।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল সীমান্ত শহর কামিশলি থেকে ৩০০ এরও অধিক মর্টার শেল নিক্ষেপ করে কুর্দি বাহিনী। এসব মর্টার শেল হামলায় তুরস্কের একাধিক জেলায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
সিরীয় শরণার্থী প্রত্যাবাসন এবং তুরস্কের বিরুদ্ধে লড়াইরত কুর্দি যোদ্ধাদের হটাতে সীমান্তে ‘সেইফ জোন’ প্রতিষ্ঠায় বুধবার থেকে অভিযান শুরু করে তুর্কি বাহিনী।
বিবিসি জানিয়েছে, সব মিলিয়ে এ পর্যন্ত ১২০ জনেরও বেশি তুর্কি যোদ্ধা নিহত হয়েছেন। বেসামরিক লোক নিহত হয়েছে ২০ জন এবং এক লাখ লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
এ দিকে উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দিদের সঙ্গে তীব্র লড়াইয়ের ভেতর সেখানকার একটি শহর দখলের দাবি করেছে তুরস্কের সশস্ত্র বাহিনী। কুর্দিরা অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করছে।