যোগদানের বর্ষপূর্তি উপলক্ষে জমকালো অনুষ্ঠান করে সমালোচিত সিলেটের ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুনকে বদলি করা হয়েছে।
রবিবার পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে ওসমানীনগর থানা থেকে বদলি করে পুলিশের রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এস এম আল মামুন ওসি হিসেবে ওসমানীনগর থানায় যোগদানের বর্ষপূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে থানার ভেতরেই বর্ণিল আয়োজন করেন। বেলুন দিয়ে সাজানো হয় ঘর। বিশাল কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ওসি। এরপর গভীর রাত পর্যন্ত চলে খাওয়া-দাওয়া, গান-বাজনা।
এই আয়োজনের খবর ফেইসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে গত শনিবার দৈনিক দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠায় ‘ওসির যোগদানের বর্ষপূর্তিতে “বিয়ের” উৎসব!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।