পঙ্গু জান্নাতকে হারিয়ে পাগলপ্রায় রিকশাচালক বাবা

সন্তান হারিয়ে পাগলপ্রায় রিকশাচালক বাবা মো. দুলাল মিয়া। রাস্তায় রাস্তায় খুঁজে ফিরছেন হারিয়ে যাওয়া পঙ্গু মেয়ে জান্নাতকে (১৫)।

মেয়ের সন্ধান পেতে গত ৮ অক্টোবর রাজধানীর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরামুল হক রবিবার দেশ রূপান্তরকে বলেন, পঙ্গু মেয়ে জান্নাতকে হারিয়ে বাবা দুলাল মিয়া এসেছিলেন থানায় জিডি করতে। অনুরোধ করেছেন তার মেয়েকে খুঁজে বের করতে। আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে দায়িত্ব দিয়েছি থানার এসআই রাজীব আহসানকে।

জান্নাতের কোনো খোঁজ পাওয়া গেলো কি না জানতে এসআই রাজীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশ রূপান্তরকে বলেন, থানায় জিডি করার পর আমরা রাজধানীর সব থানায় মেসেজ পাঠিয়েছি। মেয়েটির সন্ধান পাওয়া গেলে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। সাধ্যমতো চেষ্টা চলছে পাগলপ্রায় বাবা দুলাল মিয়ার পঙ্গু মেয়েকে খুঁজে বের করতে।

এ সময় রাজীব আহসান গণমাধ্যমকর্মীদেরও সহযোগিতা চান। 

জান্নাতের বাবা দুলাল মিয়া দেশ রূপান্তরকে বলেন, ৭ অক্টোবর বিকেলে তার পঙ্গু মেয়ে জান্নাত হারিয়ে যায়। তার সন্ধানে আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোথাও মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় মেয়ের সন্ধানে তিনি দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন। পাগলপ্রায় বাবা সবার সহযোগিতা চান মেয়েকে খুঁজে পেতে।

তিনি বলেন, তার বাসা ২৮/গ/৫, ঝিগাতলা, চরকঘাটা গলি, ট্যানারি মোড়। হায়দারের হোটেলের আগে। তার মোবাইল নাম্বার-০১৭৭৯৫৯৭০৮৮।

কোনো হৃদয়বান ব্যক্তি পেলে উক্ত মোবাইল নাম্বারে ফোন করে সন্ধান দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন দুলাল মিয়া।