আর্থিক প্রতারণা ও চেক বাউন্সের ঘটনায় বেশ কয়েক মাস আগেই মামলা হয় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে। এবার আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের রাঁচির একটি আদালত।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, আমিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি পুলিশ শনিবার জনসম্মুখে আনে। পুলিশ জানায়, আমিশাকে গ্রেপ্তার করতে শিগগিরই রাঁচির পুলিশ মুম্বাই যাবে।
পুলিশের কাছে অভিযোগ পত্রে মামলার বাদী অজয় সিং দাবি করেছেন, আমিশা প্যাটেল ও তার ব্যবসায়ী পার্টনার কুনাল একটি সিনেমা নির্মাণ করার জন্য আড়াই কোটি টাকা নিয়েছিলেন। ২০১৮-সালে সিনেমা মুক্তির পর সেই টাকা ফেরত দেওয়ার কথাও ছিল। কিন্তু সিনেমাটি আর মুক্তি পায়নি। পরে অভিযোগকারী আমিশার কাছে টাকা চাইলে তিনি ৩ কোটি টাকার একটি চেক দেন। কিন্তু চেকটি বাউন্স হয়।
চেক বাউন্স হওয়ার পর অভিযোগকারী বারবার আমিশা ও কুনালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাননি। শুধু তাই নয়, আমিশাকে আইনি নোটিশ পাঠানোর পরও আমিশা কোনো জবাব দেননি। এরপরেই অজয় সিং গত বছর রাঁচির আদালতে অভিযোগ জানান।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এবার রাঁচির আদালত আমিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এটি ছাড়াও রাঁচিতে আমিশার বিরুদ্ধে আরও একটি প্রতারণার অভিযোগ রয়েছে। টাকা নিয়েও একটি অনুষ্ঠানে অংশ নেননি আমিশা। গত বছর ফেব্রুয়ারি মাসে এক ইভেন্ট কোম্পানি আমিশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল।