জাতীয় ক্রিকেট লিগে অনুমিতভাবেই ড্র হয়েছে ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগের মধ্যকার প্রথম স্তরের ম্যাচটি। তবে রবিবার বল হাতে আলো কেড়েছেন তাইজুল ইসলাম। রাজশাহীর স্পিনার নেন ৫ উইকেট। ঢাকার ব্যাটার তাইবুর রহমান সেঞ্চুরি মিস হওয়ার আক্ষেপে পুড়েছেন। ৮৮ রানে আউট হন তিনি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ২০৬ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে ঢাকা বিভাগ। দলটির দ্বিতীয় ইনিংস থামে ২৫৪ রানেই। তাতে রাজশাহীর সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৮ রানের।
প্রথম ইনিংসে ঢাকার ২৪০ রানের বিপরীতে রাজশাহী করেছিল ১৯৭ রান। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়েছিল রাজশাহী। শেষ পর্যন্ত ৬৪ ওভারে ৫ উইকেটে ১০৬ রান করে দলটি। এরপরই দিনের খেলা শেষ ঘোষণা হয়। জহুরুল ইসলাম অমি অপরাজিত ছিলেন ৪০ রানে।
এর আগে ঢাকার ইনিংস গুঁড়িয়ে দিতে বড় ভূমিকা রাখেন তাইজুল। প্রথম শ্রেণির ক্রিকেটে ২১তম বারের মতো নেন ৫ উইকেট। এ ছাড়া ফরহাদ রেজার শিকার ছিল ৩টি। বাঁহাতি ব্যাটসম্যান তাইবুরকে সেঞ্চুরি বঞ্চিত করেছেন তিনিই। ১৯৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৮৮ রান করেন তাইবুর। তবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৮৮ রানে অপরাজিত ছিলেন তিনি।