সমাবেশ থেকে গ্রেপ্তার ১০ নেতার তালিকা দিল ছাত্রদল

শনিবার রাজধানীতে আয়োজিত সমাবেশ থেকে গ্রেপ্তার নেতাদের তালিকা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন। 

রবিবার ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তালিকা প্রকাশ করে সংগঠনটি। 

আবরার হত্যার প্রতিবাদ, ভারত সফরে সম্পাদিত চুক্তি ও কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। 

সমাবেশে আগত নেতাকর্মীদের অনেককে আটক ও গ্রেপ্তার করে পুলিশ। 

রোববার ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গ্রেপ্তার নেতারা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রিঙ্কু, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাঈম, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা মো. মাহবুব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের জুলফিকার বিশ্বাস, গ্লাস অ্যান্ড সিরামিকের ছাত্রনেতা মো. সুরুজ, ৫০ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম দীপু, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ডেমরা থানা ছাত্রদল নেতা আবদুল মান্নান, সোরাগাঁও থানা ছাত্রদল নেতা বিন ইয়ামিন। 

ছাত্রদল জানায়, তাদের আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডে নিয়েছে পল্টন থানা পুলিশ।