হংকংয়ে ‘লেডি লিবার্টির’ মূর্তি বসাল বিক্ষোভকারীরা

আন্দোলনকে চাঙ্গা করতে হংকংয়ের লায়ন রক পাহাড়ের চূড়ায় বিশাল এক নারী মূর্তি স্থাপন করেছে অঞ্চলটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা।

গ্যাস মুখোশ, হেলমেট এবং চোখ রক্ষায় ব্যবহৃত চশমা পরা ৯ ফুট লম্বা মূর্তিটিকে বিক্ষোভকারীরা ‘লেডি লিবার্টি’ নামে ডাকছে বলে জানিয়েছে রয়টার্স। মূর্তিটির হাতে একটি কালো ব্যানারে লেখা রয়েছে ‘আমাদের সময়ের বিপ্লব, হংকংকে স্বাধীন করা’।

গত শনিবার গভীর রাতে কয়েক ডজন গণতন্ত্রপন্থি আন্দোলনকারী ঝড়ের মধ্যেই পাহাড়ের ১ হাজার ৫০০ ফুট উঁচু চূড়ায় মূর্তিটিকে নিয়ে যান। চীনের ভূখণ্ডভুক্ত এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ে পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচির আগেই তারা মূর্তিটির স্থাপন সম্পন্ন করে। পুলিশের ছোড়া প্রজেক্টাইলে চোখে আঘাত পাওয়া আহত এক নারী বিক্ষোভকারীর আদলে বানানো এ ‘লেডি লিবার্টি’ হংকংয়ের বাসিন্দাদের লড়াইয়ের প্রেরণা জোগাবে বলে বিশ্বাস এক আন্দোলনকারীর।