ইবিতেও হল ছাড়তে হবে মাস্টার্স শেষের ১৫ দিনের মধ্যে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীকে হল ত্যাগ করতে হবে। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে এতে বিভিন্ন হলের প্রভোস্ট অংশ নেন।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, হলে শুধু আবাসিক শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে ও নির্দিষ্ট নীতিমালার আলোকে সিট বরাদ্দ দিতে ১৯ অক্টোবরের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রশাসনকে হল কর্র্তৃপক্ষ দেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া রাত ১২টার পর ছাত্রদের হলের মেইন গেট বন্ধ এবং ছাত্রী হলে আগের নিয়ম বলবৎ রাখার সিদ্ধান্ত হয়েছে। হলগুলোতে সার্বক্ষণিক তদারকির জন্য প্রক্টরের নেতৃত্বে ছাত্র-উপদেষ্টা ও প্রভোস্টদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠিত হয়েছে।

নিহত বুয়েট শিক্ষার্থী আবরারের রুহের মাগফিরাত কামনাসহ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় সভায়।