ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) ১৪৯ কোটি ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান রফিকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম দুদক সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ঢাকা-১-এ এই মামলা করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, ২০০৬ সালের ১ আগস্ট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎবিহীন জনগোষ্ঠীর মধ্যে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ বিতরণের জন্য হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংস্থা ইডকলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে।
চুক্তির আলোকে হিলফুল ফুযুলকে ত্রৈমাসিক কিস্তির শর্তে ৩৩ কোটি ৬৩ লাখ টাকা মেয়াদি ঋণ এবং ১৬ কোটি ৪ লাখ টাকা অনুদান দেয় ইডকল। সংস্থাটি সর্বশেষ ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ঋণ পরিশোধ করেছে। এর পর থেকে ঋণ পরিশোধ বন্ধ রেখে সংস্থাটির চেয়ারম্যানসহ জড়িতরা তা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে আত্মসাৎ করেছেন।