লক্ষ্মীপুরে শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে কাউছার নামের ৭ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মা স্বপ্না বেগমকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে কাউছারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের দক্ষিণ চররুহিতা গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত কাউছার স্থানীয় পিকআপভ্যান চালক মো. রাসেলের ছেলে ও লোকমানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।

প্রতিবেশীরা জানায়, গাড়ি চালানোর কাজে বেশির ভাগ সময় বাইরে থাকেন স্বপ্না বেগমের স্বামী মো. রাসেল।

সোমবার রাতে মায়ের কাছে ১০ টাকা চাইলে তাকে মারধর করে তার গলাটিপে ধরেন মা। কিছুক্ষণ পর স্বপ্না বেগম, বাবা (সন্তান কাউছার) মারা গেছে বলে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করলে বাড়ির লোকজন ছুটে আসেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, গত বেশ কিছুদিন আগে স্বপ্নার স্বামী মো. রাসেল ২য় বিয়ে করায় পারিবারিক ও অর্থনৈতিক সংকট নিয়ে তাদের সংসারে কলহ-বিবাদ চলে আসছিল।

রাতে শিশুটি তার মায়ের কাছে ১০ টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় স্বপ্না বেগমের ওড়না দিয়ে শিশুটির লাশ ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়।

পরে খবর পেয়ে পুলিশ সন্দেহজনকভাবে তার মা’সহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

এক পর্যায়ে মা স্বপ্না বেগম সন্তান কাউছারকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার  করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।