অনলাইন গেম পাবজি আসক্ত ছেলে থেকে স্মার্টফোন কেড়ে নিয়েছিলেন বাবা-মা। এর জেরে বাবা-মাকে শায়েস্তা করতে নিজেই নিজেকে অপহরণের নাটক সাজায় ছেলে।
সোমবার এনডিটিভি জানায়, ভারতের হায়দরাবাদে এ ঘটনা ঘটে। অপহরণের নাটক সাজিয়ে বাবা-মা থেকে মুক্তিপণের দাবিও করে ওই কিশোর।
পুলিশ জানায়, বন্ধুর বাড়িতে যাবে বলে ঘর থেকে বের হয়ে কয়েকদিন আগে নিখোঁজ হয় ১৬ বছরের ওই ছেলে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় স্থানীয় তার বাবা-মা একটি অভিযোগও জানান।
জানা যায়, মুম্বাইয়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায় ওই কিশোর। এক যাত্রী থেকে তার মাকে ফোন করে সে। আরেক ব্যক্তির অভিনয় করে মাকে সে জানায়, তার ছেলে অপহরণের শিকার হয়েছে। তিন লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হবে।
১২ অক্টোবর মুম্বাই থেকে হায়দরাবাদ ফিরতে অনলাইনে সে একটি টিকিট কাটে। টিকিট বুকিংয়ের সেই ম্যাসেজ আসে তার মায়ের মোবাইলে। তিনি তখন পুলিশকে বিষয়টি জানান। তখন পুলিশ তাকে ট্র্যাক করে উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, ছেলেটি ক্লাস টেনে খুব ভালো রেজাল্ট করেছিল কিন্তু পরবর্তীতে পাবজির নেশায় পড়ে পড়াশোনায় পিছিয়ে পড়েছিল সে।