কাশ্মীরে মোবাইল নেটওয়ার্ক চালু নিয়ে নতুন নাটক

প্রায় আড়াই মাস পর জম্মু-কাশ্মীরে মোবাইল ফোন চালু হলেও নতুন বিড়ম্বনার শিকার সেখানকার বাসিন্দারা। দীর্ঘদিন বন্ধ থাকলেও ফোনের বিল পরিশোধ করতে হবে এখন তাদের।

এনডিটিভি জানায়, সোমবার থেকে জম্মু-কাশ্মীরের পোস্ট পেইড মোবাইল পরিষেবা খুলে দেওয়া হয়। কিন্তু গত ৭২ দিনের বিল না মেটানোয় বহু মোবাইলেরই আউটগোয়িং পরিষেবা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে ওই বিল মেটানোর আরও সমস্যা হলো, মোবাইল ফোন চালু হলেও এখনো বন্ধ আছে ইন্টারনেট পরিষেবা, ফলে কাশ্মীরিরা ইন্টারনেটের মাধ্যমে পোস্ট পেইড মোবাইলের বিল মেটাবেন তাও করতে পারছেন না। ফলে এখনো ভারতসহ পুরো পৃথিবী থেকে এক রকম বিচ্ছিন্ন হয়ে রয়েছেন তারা।

জানা যায়, উপত্যকায় ৮৪ লাখ ফোনের সংযোগ রয়েছে। তবে পোস্ট পেইড চালু হলেও এখনই মোবাইল পরিষেবার সুবিধা পাবেন না উপত্যকার প্রায় ৩০ লাখ প্রি-পেইড গ্রাহক।

এ দিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইন্টারনেটের মতো আপাতত বন্ধ থাকবে মোবাইলের এসএমএস বা বার্তা আদান-প্রদান পরিষেবাও। উপত্যকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সোমবার দুপুরে চালু হলেও বিকেল ৫টা থেকে বন্ধ করে দেওয়া হয় এসএমএস আদান প্রদান।

৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি সরকার। তার আগের দিন থেকে কঠোর সামরিক নিরাপত্তা জারি করা হয় অঞ্চলটিতে। সেই সঙ্গে ইন্টারনেট সার্ভিস, ল্যান্ডফোন এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়।