কমিটিতে বিতর্কিতদের স্থান দেওয়া হবে না: কাদের

আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কমিটিতে বিতর্কিতদের স্থান দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এটি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।’

মঙ্গলবার সচিবালয়ে নিজ অফিসে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যারা দেশে অপরাধ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাড় দেওয়া হবে না। যেসব কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে তারা আগামীতে মনোনয়ন পাবেন না।

ওবায়দুল কাদের বলেন, ‘গুটিকয়েক লোকের কারণে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অর্জন ম্লান হতে দেওয়া যায় না। অপরাধীদের মাথায় যারা ছাতা ধরবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় বুয়েট ছাত্রদের আন্দোলন ছেড়ে লেখা-পড়ায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি আবরার হত্যাকাণ্ডকে আন্দোলনের ইস্যু করতে চায়।’

সেতুমন্ত্রী বলেন, ‘সরকার শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে। আবরার হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রী আবরারের বাবা-মাকে এ ঘটনার বিচার দ্রুত হবে বলে আশ্বাস দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি তাদের দলের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসার কথা যতটা ভাবছে, তার চেয়ে বেশি দেশে নৈরাজ্য সৃষ্টির কথা ভাবছে। বিএনপি এ ঘটনাকে কেন্দ্র করে দেশে সহিংসতা করলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া সমাধান নয়। তবে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হলে সে ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই। কারণ এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়।’

অপর এক প্রশ্নের জবাবে চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ করা হবে বলেও জানান সেতুমন্ত্রী।