ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিএনপি নেতা নূরুদ্দিনের বিরুদ্ধে অবৈধভাবে খাস জায়গা দখলের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এ অভিযোগ করেছেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ও বাজার কমিটির সভাপতি আবু তালেব তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপি নেতা নূরুদ্দিন অবৈধভাবে সরকারি খাস জায়গা দখল করে বাণিজ্যকেন্দ্র গড়ে তুলেছেন। বিএডিসি’র অনেক জায়গা দখল করে নৌকা তৈরির জন্য ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আদায় করছেন। এরপরও দখল প্রক্রিয়া থামছে না। আমরা বারবার বাধা দিলেও তিনি মানছেন না। সরকারিভাবে মাপ দিলেই আসল ঘটনা বেরিয়ে আসবে। আমরা তার অবৈধ দখলের থাবা থেকে মুক্তি পেতে চাই। তারা উপজেলা প্রশাসনের কাছে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা বলেন, চেয়ারম্যান ও বাজার কমিটির লোকজন মিলে আমাকে সেখানকার দখলদারদের একটি তালিকা দেন। আমি দ্রুতই এ দখলদারদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব। এ প্রসঙ্গে কথা বলতে অভিযুক্ত বিএনপি নেতা নূরুদ্দিনের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানান, অরুয়াইল বাজারে আমার দলিলমূলে কিছু জায়গা আছে আর বিএডিসির জায়গায় আমি একা না আরও অনেকেই দোকানপাট তুলেছে।