মাথা উঁচু রাখো, জামালদের উদ্দেশ্যে মাশরাফী

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ভারতের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে জয় বঞ্চিত হয়েছে বাংলাদেশ। তবে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে বাংলাদেশ লড়াই করেছে দারুণ। এক কথায় জামাল ভূঁইয়ারা হৃদয় কেড়েছেন সবার।

দুর্দান্ত লড়াইয়ের জন্য টিম বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে জামালদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মাশরাফী।

জাতীয় ফুটবল দলের একটি ছবি পোস্ট করে মাশরাফী ক্যাপশনে লিখেছেন- ‘শাবাশ, ছেলেরা! শেষ মুহূর্তে গোল হজম করলেও তোমাদের নিয়ে গর্বিত। আমাদের মাথা উঁচু রাখা যাক এবং পরের ম্যাচে ভালো করার জন্য সামনে তাকানো যাক।’

মঙ্গলবার ভারতের কলকাতার ঐতিহাসিক সল্ট লেক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। যে লিড ধরে রেখেছিল ৮৮ মিনিট পর্যন্ত। পরের মিনিটে ভারতীয় ডিফেন্ডার আদিল খান গোল করলে কোনো রকমে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ভারত।

তবে বাংলাদেশও ‘ই’ গ্রুপে প্রথম পয়েন্টের দেখা পেয়ে গেছে এদিন। সেটি কিনা ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে। যারা ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে। র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ১০৪। বাংলাদেশ আছে ১৮৭ তম স্থানে।

ঠিক আগের ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষেও ঘরের মাঠে দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ। যদিও ০-২ গোলে হারতে হয়েছিল। এর আগে এই বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানে বিপক্ষে ০-১ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা।