নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ কেন অবৈধ নয় : হাইকোর্ট

ছাপা পত্রিকার সাংবাদিক ও সংবাদপত্রের সঙ্গে জড়িত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ গেজেট (প্রজ্ঞাপন) আকারে প্রকাশ করা কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত একটি সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এ রুল জারি করে। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) পক্ষে এ আবেদনটি করেন আইনজীবী মো. ইউসুফ আলী। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ। গত ১২ সেপ্টেম্বর নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। 

এর আগে নবম ওয়েজ বোর্ডের নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্তের বিষয়টিকে চ্যালেঞ্জ করে নোয়াবের করা রিট আবেদনের প্রেক্ষিতে শুনানি নিয়ে গত ৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ প্রকাশিতব্য ওই গেজেটের ওপর দুই মাসের স্থিতাবস্থার আদেশসহ রুল জারি করে। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ গত ২০ আগস্ট হাইকোর্টের ওই স্থিতাবস্থার আদেশের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ দেয়। এরপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করে আপিল বিভাগের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে নোয়াবের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করা হয়। আগামী ২০ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ বিষয়ে শুনানির কথা রয়েছে।