শত ছিদ্র পুরোনো শাড়ি পরে জনপ্রিয় নায়িকার বিয়ে

বলিউডের পাশাপাশি পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারতের সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন রাধিকা আপ্তে। হালে নেটফ্লিক্স ইন্ডিয়ায় পরপর কাজ করে বেশি আলোচিত। সেই নায়িকা বিয়ে করেন শত ছিদ্র পুরোনো শাড়ি পরে।

২০১২ সালে ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেইলরকে বিয়ে করেন রাধিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে বিস্তারিত জানান তিনি।

ফেমিনা ম্যাগাজিনকে বলেন, “বিয়ের রেজিস্ট্রির দিন দাদির পুরোনো শাড়ি পরেছিলাম। এতটাই পুরোনো ছিল যে, অসংখ্য ছিদ্র হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও শাড়িটা পরেছিলাম, কারণ তিনি আমার জীবনের অত্যন্ত কাছের একজন ছিলেন।”

সঙ্গে যোগ করেন, “আমি সে ধরনের মানুষের মধ্যে পড়ি না, যারা রেজিস্ট্রির দিন অনেক টাকা খরচ করে শাড়ি কেনে। তবে হ্যাঁ, অবশ্যই আমিও চাই অন্যদের মতো আমাকেও সুন্দর দেখাক। বিয়ের পার্টির জন্য একটি পোশাক কিনেছিলাম ১০ হাজার রুপি থেকেও কম দামে।”

রাধিকা বলেন, “আমি এই ড্রেসটা শেষ মুহূর্তে কিনেছিলাম, কারণ পার্টির জন্য পোশাক কিনতে ভুলেই গিয়েছিলাম। আমি সে ধরনের মানুষই নই, যারা পোশাকের পেছনে পড়ে থাকে।”

আরও বলেন, “আমি সে ধরনের মানুষই নই যারা বিশ্বাস করে বিয়ে ছাড়া প্রতিশ্রুতিবদ্ধ থাকা যায় না। আমার মনে হয় বিয়ে ছাড়াও প্রতিশ্রুতিবদ্ধ থাকা যায়। অথচ অনেকের ক্ষেত্রেই বিয়ে ভীষণই ভয়ের বিষয়। আমি ছোট থেকে দেখেছি সবাই একসঙ্গে মিলে বিয়ের অনুষ্ঠান করে। আমি এটাও দেখেছি, তাদের কাছে এই প্রতিশ্রুতিবদ্ধ হওয়া বিষয়টাই কতটা গুরুত্বপূর্ণ, এবং এই বিয়েটাকে বাঁচিয়ে রাখাও অনেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি যত বড় হয়েছি আর বিয়েই করতে চাইতাম না। তার মানে এই নয় যে বিয়ে নামক প্রতিষ্ঠানটার প্রতি আমার বিশ্বাস নেই। এমনকি আমিও রেজিস্ট্রি বিয়ে করেছি। আর এই দিনটা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে।”

সেদিনের সুন্দর স্মৃতি শেয়ার করতে গিয়ে নায়িকা বলেন, “আমি ও বেনেডিক্ট চেয়েছিলাম কিছু রীতিনীতি পালন করা হোক। তবে সেটা কখনোই যেন ধর্মীয় বিষয় না হয়। বিয়ের দিন উপস্থিত সব অতিথিকে আমি গাছ লাগানোর জন্য অনুরোধ করেছিলাম। আর সবাই বৃক্ষরোপণ করেছিল, এবং সে সময় সুন্দর পোশাকও পরেছিল, অথচ তাদের সুন্দর পোশাকে মাটি লেগে যাচ্ছিল, এটা নিয়ে কেউই মাথা ঘামাননি। আমি উপস্থিত সবাইকে একটা করে আম খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম।”

চলতি বছর এই নায়িকা হিন্দি, তামিল ও ইংরেজি ছবিতে অভিনয় করেছেন। এগুলো হলো বোম্বাইরিয়া, চিটিরাম পেসুথাডি টু, দ্য ওয়েডিং গেস্ট ও দ্য আশ্রম।