বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম বিক্রিতে আয় ১২ কোটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে সকল ইউনিটে মোট ১ লাখ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করেছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি ভর্তি ফরমের মূল্য ৯০০ টাকা। এতে ভর্তি ফরম বিক্রি করে বিশ্ববিদ্যালয়টির আয় হয় প্রায় ১১ কোটি ৮০ লাখ ৮শ টাকা।

আবেদনকারীদের মধ্যে- এ ইউনিটে ২২ হাজার ৩৩১ জন, বি ইউনিটে ১২ হাজার ৯৯৯ জন, সি ইউনিটে ২১ হাজার ১১৫ জন, ডি ১৪ হাজার ৯৭৭ জন, ই ইউনিটে ২৫ হাজার ৫৫৪ জন, এফ ইউনিটে ১১ হাজার ৩৩২ জন, জি ইউনিটে ১২ হাজার ৬৪২ জন, এইচ ইউনিটে ৯ হাজার ২৯৩ জন এবং আই ইউনিটে ৮৬৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।

এবারের ভর্তি পরীক্ষায় নয়টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগে ২ হাজার ৭৪৫ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হবে। প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর এফ এবং জি, ২ নভেম্বর ডি এবং ই, ৮ নভেম্বর সি এবং এইচ, ৯ নভেম্বর এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।