দুটি গাড়ির দুর্ঘটনাতেও বেঁচে গেলেন তিনি (ভিডিও)

দুটি গাড়ির দুর্ঘটনায় পড়ার পরও আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গেছেন এক নারী। তার বেঁচে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোডের পর ভাইরাল হয়।

চীনের মা আনসান শহরে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, একটি রাস্তার বাঁ দিক দিয়ে স্কুটার চালিয়ে যাচ্ছেন এক নারী। সামনের একটি জেব্রা ক্রসিংয়ের কাছে গিয়ে স্কুটার নিয়েই নিয়ে তিনি আড়াআড়ি রাস্তা পার হতে যান। তখন সামনে থেকে একটি লাল রঙের ট্যাক্সি ধাক্কা মেরে ফেলে দেয় তাকে।

রাস্তায় পড়ে থাকা অবস্থায় একটি কালো এসইউভি এগিয়ে আসে তার দিকে। এসইউভির চালক তাকে রাস্তায় পড়ে থাকতে দেখতে পাননি, অথবা দেখেও বুঝতে পারেননি কেউ দুর্ঘটনায় আহত হয়ে এভাবে পড়ে আছেন। রাস্তায় পড়ে থাকা ওই নারীর ওপর দিয়েই এসইউভি চালিয়ে দেন চালক। এসইউভির সামনের দুটি চাকার মাঝখানে ঢুকে যান তিনি। তাকে চাপা দিয়ে কিছুটা এগিয়ে যায় গাড়িটি। ততক্ষণে আশপাশের লোকজন খেয়াল  করেন তাকে। তাদের চিৎকার শুনে এসইউভির চালক বুঝতে পারেন। গাড়ি থামিয়ে দেন তিনি।

পরে সবাই মিলে গাড়িটিকে কাত করে তার নিচ থেকে ওই নারীকে বের করা হয়।

দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।