দেখে মনে হচ্ছে মল্লযুদ্ধ, কী বলছেন জামাল?

দুজনেই ধরে রেখেছেন একে অন্যের বাহু। দেখে বোঝাই যাচ্ছে, তাদের মধ্যে একটা লড়াই চলছে। মঙ্গলবার সত্যিই লড়াইয়ে নেমেছিলেন জামাল ভূঁইয়া ও সুনিল ছেত্রিরা। অবশ্য সেটি ছিল ফুটবল লড়াই।

কিন্তু ওপরের ছবি কি বাংলাদেশ অধিনায়ক ও ভারত অধিনায়কের মধ্যে মল্লযুদ্ধের কথা বলছে না? সল্ট লেক স্টেডিয়ামে স্বাগতিক ভারত-বাংলাদেশের মধ্যকার ম্যাচের ছবিটা পোস্ট করেছেন জামাল ভূঁইয়া নিজেই।

ক্যাপশনে লিখেছেন, ‘কোচ বলেছিল ভারত অধিনায়ককে দেখে রাখবে। তাই আমি সেটা করেছি।’ এরপর একটা হাসির ইমোজি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। এই ড্র’র ফলে বাছাই পর্বের দ্বিতীয় পর্বে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে জেমি ডের দল। শেষ মুহূর্তে গোল হজম না করলে অবশ্য পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই ফিরতে পারত জামাল ভূঁইয়ারা।

এ ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় ভয় ছিল সুনিল ছেত্রিকে নিয়ে। যাকে কড়া মার্কিংয়ে রাখার কথা বলেছিলেন বাংলাদেশ কোচ। মাঠে জামাল ভূঁইয়া, রায়হান হাসান, ইয়াসিন খানরা সেই পরিকল্পনা সফল করেছেন দারুণভাবে।

‍সুনিল ছেত্রি পারেননি নিজের স্বাভাবিক খেলা খেলতে। বিশেষ করে ফিনিশিংয়ে দুর্দান্ত তিনি। কিন্তু বাংলাদেশের রক্ষণদুর্গ খুব কমই ছেদ করতে পেরেছেন ছেত্রি।