মঙ্গলবার সোহরাওয়ার্দীতে সমাবেশের ঘোষণা ঐক্যফ্রন্টের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার  ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। 

বুধবার জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন মতিঝিলের চেম্বারে তার সভাপতিত্বে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন।

বৈঠক শেষে ফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দেশ রূপান্তরকে বলেন, বৈঠকে আবরার হত্যার প্রতিবাদে সমাবেশ করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইতিপূর্বে আবরার হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীতে যে নাগরিক শোকসভার কথা ছিল তা পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে। এ ছাড়া সরকারের দুর্নীতি বিরোধী অভিযান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

এর আগে গত ১৩ অক্টোবর আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের নাগরিক শোকসমাবেশ থেকে বৃহস্পতিবার নাগরিক শোকসভার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি  আ স ম আবদুর রব, তানিয়া রব, বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের অধ্যাপক আবু সাইয়দি, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমদ, নাগরকি ঐক্যরে মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, জাহেদ উর রহমান, বিকল্পধারার নুরুল আমনি ব্যাপারী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।