গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পঞ্চম তলায় নিজ বিভাগের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। ওই পাঁচজনের বিরুদ্ধে সাবেক উপাচার্যের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তরা হলেন শেখ রাফিজ, নুরুদ্দীন নাহিদ, ইসমাইল হোসেন রিয়াদ, রাহাত ও মিশন। তারা সবাই ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ওই পাঁচ শিক্ষার্থী সাবেক উপাচার্যের আস্থাভাজন ছিল। তারা বিভিন্ন সময় উপাচার্যের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করত। তারা ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সালমান রহমানকে নির্যাতন, ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি শামস জেবিনের ওপর হামলা ও ২১ সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি যুক্ত ছিল।
দুর্নীতি ও স্বৈরাচারী আচরণের অভিযোগে গত ১৯ সেপ্টেম্বর থেকে সাবেক উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। অবশেষে আন্দোলনের মুখে ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হন উপাচার্য।