গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে নয়টি ইউনিটে ১ লাখ ৩১ হাজার ১১২ শিক্ষার্থী আবেদন করেছেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। প্রতিটি ভর্তি ফরমের মূল্য ৯০০ টাকা হিসেবে এ বছর বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে প্রায় ১১ কোটি ৮০ লাখ ৮০০ টাকা।
এবার ‘এ’ ইউনিটে ২২ হাজার ৩৩১, ‘বি’ ইউনিটে ১২ হাজার ৯৯৯, ‘সি’ ইউনিটে ২১ হাজার ১১৫, ‘ডি’ ইউনিটে ১৪ হাজার ৯৭৭, ‘ই’ ইউনিটে ২৫ হাজার ৫৫৪, ‘এফ’ ইউনিটে ১১ হাজার ৩৩২, ‘জি’ ইউনিটে ১২ হাজার ৬৪২, ‘এইচ’ ইউনিটে ৯ হাজার ২৯৩ ও ‘আই’ ইউনিটে ৮৬৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
নয়টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগে ২ হাজার ৭৪৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। প্রতিটি আসনের বিপরীতে ৪৮ জনকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আগামী ১ নভেম্বর ‘এফ’ ও ‘জি’, ২ নভেম্বর ‘ডি’ ও ‘ই’, ৮ নভেম্বর ‘সি’ ও ‘এইচ’ এবং ৯ নভেম্বর ‘এ’, ‘বি’ ও ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd তে জানা যাবে।