ইরানে গোপনে সাইবার হামলা করেছিল যুক্তরাষ্ট্র

চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি ইরানে গোপন সাইবার হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রÑ এমন দাবি যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা করেছেন বলে জানিয়েছে সিএনএন। বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারসহ সৌদি আরবের দুটি প্ল্যান্ট আক্রান্ত হওয়ার পর প্রতিক্রিয়া হিসেবে ওই হামলা চালানো হয়।

তেহরানের ‘অপপ্রচার’ ছড়ানোর সক্ষমতা লক্ষ্য করেই সেপ্টেম্বরের শেষদিকে ওই অভিযান হয়েছিল বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। হামলায় ইরানের বেশকিছু যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক কর্মকর্তা দাবি করলেও এ প্রসঙ্গে আর বিস্তারিত বলতে রাজি হননি। গত মাসের ১৪ তারিখে সৌদি আরবের তেলশিল্পের প্রাণকেন্দ্রে ওই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বৈশ্বিক তেল সরবরাহের পরিমাণ ৫ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল।

গত জুনে ইরান তাদের জলসীমায় ‘অবৈধ অনুপ্রবেশ’ করা যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করলে দুই দেশের উত্তেজনা চরম আকার ধারণ করে। উপসাগরে বেশ কয়েকটি তেলের ট্যাংকারে হামলার ঘটনায়ও ওয়াশিংটনের তেহরানকে দোষারোপ করলেও শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

ড্রোন ভূপাতিত ও মে মাসে উপসাগরে তেলের ট্যাংকারে হামলার ঘটনার পরও ইরানে যুক্তরাষ্ট্রের সাইবার হামলার খবর পাওয়া যায়।