গ্রিক ট্র্যাজেডি ইডিপাস অবলম্বনে

‘রাজা হিমাদ্রি’ মঞ্চস্থ

গ্রিক ট্র্যাজেডি ‘ইডিপাস’ অবলম্বনে দৃষ্টিপাত নাট্যদল মঞ্চস্থ করেছে নাটক ‘রাজা হিমাদ্রি’। গতকাল বুধবার সন্ধ্যায় গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসব উপলক্ষে রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হয়। এটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন ড. খন্দকার তাজমি নূর। নির্দেশক বলেন, ‘আত্মনুসন্ধান আর পরিচয় সংকটের যে সংগ্রাম হাজার বছর আগেও মানব অন্তরে ক্ষত সৃষ্টি করে চলছিল, সময়ের ব্যবধানে এখনো তা সমান প্রযোজ্য।’ নাটকটিতে অভিনয় করেন তাজমি নূর, অধরা প্রিয়া, আব্দুল হালিম আজিজ, জাহাঙ্গীর বকুল, ইভান, শ্রেয়া খন্দকার, সুনীল, সুজন, রফিক, সুমি, সুপ্তি, সাধন প্রমুখ। গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে গতকাল ষষ্ঠ দিনের আয়োজনে মঞ্চস্থ হয় আরও তিনটি নাটক। এদিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় ভারতের অনীক থিয়েটার মঞ্চস্থ করে ‘পিরানদেল্লো ও পাপেটিয়ার’, পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ঢাকা পদাতিক মঞ্চস্থ করে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘কথা ৭১’ এবং স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় জয়যাত্রা প্রযোজনা ‘দ্বীপের নাম আন্ধার মানিক’। এ ছাড়া বিকেল সাড়ে চারটা থেকেই মিলনায়তনের বহিরাঙ্গনের উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হয় আবৃত্তি, নাচ, গান, পথনাটক।

ক্যাডেট কলেজ ক্লাবে দাতব্য শিল্প প্রদর্শনী

রাজধানীর গুলশানে অবস্থিত ক্যাডেট কলেজ ক্লাবে চলছে ‘আর্ট ফর ড্রিম’ শিরোনামের শিল্প প্রদর্শনী। এই শিল্প প্রদর্শনীতে শিল্পী ও অধিকারকর্মী শাহানা মজুমদার এবং ২০ জন খুদে শিল্পী অংশ নিয়েছেন। চলতি বছরের আগস্টে অনুষ্ঠিত হয় আর্ট ক্যাম্প। সেখানেই শিল্পকর্মগুলো তৈরি করেছে সুবিধাবঞ্চিত ও ভাগ্যাহত পথশিশুরা।