স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

ব্যক্তিগত অস্ত্র অন্যের নিরাপত্তায় দিলে ব্যবস্থা

কেউ লাইসেন্স করা অস্ত্র অন্যের নিরাপত্তায় ব্যবহার করলে কিংবা প্রকাশ্যে তা প্রদর্শন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৪-এর উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬’-এর অনুচ্ছেদ ২৫ (গ) অনুযায়ী আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কোনো ব্যক্তি অন্যের নিরাপত্তায় বা সম্পত্তি রক্ষায় অস্ত্রধারী প্রহরী হিসেবে নিয়োজিত হতে পারবেন না।

কিন্তু তা লঙ্ঘন করে কেউ কেউ নিজের আগ্নেয়াস্ত্রসহ বেসরকারি নিরাপত্তা সংস্থায় বা অন্য ব্যক্তির দেহরক্ষী হিসেবে নিয়োজিত রয়েছেন। অনুচ্ছেদ ২৫ (ক) অনুযায়ী কোনো ব্যক্তি তার লাইসেন্স করা অস্ত্র আত্মরক্ষার জন্য বহন বা ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি বা বিরক্তির কারণ হতে পারে, এমনভাবে তা প্রদর্শন করতে পারবেন না। এটিও লঙ্ঘন করে কেউ কেউ জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন।

এ অবস্থায় অস্ত্র আইন-১৮৭৮ কঠোরভাবে অনুসরণ ও বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধে মন্ত্রণালয়ের নীতিমালার অনুচ্ছেদ ২৫ (গ) ও ২৫ (ক) অনুসরণ করে অস্ত্র প্রদর্শন না করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এর ব্যত্যয় হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে বলা হয়েছে।