চট্টগ্রামের কর্ণফুলী নদীতে লাইটারেজ জাহাজের সঙ্গে সংঘর্ষে একটি বাল্কহেড (বালু পরিবহনের নৌযান) ডুবে গেছে। তবে এতে থাকা ছয় নাবিককেই উদ্ধার করা হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ জানিয়েছে। তাদের ভাষ্য, ডলফিন জেটির সামনে লাইটারেজ জাহাজটির সঙ্গে খননকাজে নিয়োজিত ফারজানা ফারহান আজমির-৫ নামের বাল্কহেডের সংঘর্ষ হয়। পরে নোঙর করা অন্য নৌযানের লোকেরা বাল্কহেডের ছয় নাবিককে উদ্ধার করেন।
চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক গতকাল বুধবার দেশ রূপান্তরকে জানান, ডুবে যাওয়া স্থান মার্কিং করে বাল্কহেড উদ্ধারে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। দুয়েক দিনের মধ্যেই এটি উদ্ধার করা সম্ভব হবে। তিনি আরও জানান, সন্ধ্যার পর এমনিতেই চ্যানেলে জাহাজের মুভমেন্ট থাকে না। ফলে বাল্কহেড ডুবে যাওয়ায় বন্দরে জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত হয়নি। আজ (গতকাল) পূর্বনির্ধারিত সব জাহাজ আসা-যাওয়া করেছে।