রাজধানীর নিউ মার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গতকাল বুধবার দিনভর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়
এ সময় নীলক্ষেত, নিউ মার্কেট, গাউছিয়া, চন্দ্রিমা মার্কেট, সায়েন্সল্যাবের ফুটপাতে থাকা ৩ শতাধিক অবৈধ অস্থায়ী দোকান ও শেড উচ্ছেদ করা হয়। ফুটপাতে থাকা দোকানের ছাউনি গুঁড়িয়ে দেয় সিটি করপোরেশনের পেলোডার।
অভিযানে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুটপাত থেকে তড়িঘড়ি মালামাল সরাতে গিয়ে তাদের বেশ কয়েকজন আহত হন। তবে পথচারীরা অভিযানকে স্বাগত জানিয়েছেন। মো. মনিরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘ফুটপাত পথচারীদের হলেও তারা ঠিকমতো চলাচল করতে পারে না। অভিযানে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অনেককে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’