কুছ কুছ হোতা হ্যায়: কিছু না জানা তথ্য

পরিচালক হিসেবে করণ জোহরের রাজকীয় অভিষেক হয় ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমাটির মাধ্যমে। শাহরুখ খান-কাজলের সঙ্গে অভিনয় করে রাতারাতি তারকা বনে যান রানি মুখার্জি।

সেই ছবি  মুক্তি পাওয়ার পর কেটে গেছে ২১ বছর। এখনো ‘কুছ কুছ হোতা হ্যায়’ নিয়ে দর্শকদের উন্মাদনা কম নয়। এবার জেনে নিন ব্লকবাস্টার ছবিটি নিয়ে কিছু তথ্য-

শাহরুখ-কাজলের আইকনিক ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র সহকারী-পরিচালক ছিলেন করণ জোহর। সেই সময় এই জুটিকে জানান, সিনেমা করলে তাদের নায়ক-নায়িকা হিসেবে রাখবেন।

রানি মুখার্জির চরিত্র ‘টিনা’ করার কথা ছিল প্রথমে টুইঙ্কেল খান্নার। সেই কারণেই করণ ওই চরিত্রের নাম রেখেছিলেন ‘টিনা’। কিন্তু টুইঙ্কেল এই চরিত্র করতে চাননি।

করণ এরপর যোগাযোগ করেন টাবু, ঊর্মিলা মাতণ্ডকর এবং ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে। তাদের মধ্যে শুরু ঐশ্বরিয়া ভদ্রতাবশত করণকে কল-ব্যাক করেন। তবে অভিনয়ে রাজি হননি।

‘টিনা’ চরিত্রের জন্য রানির নাম প্রস্তাব করেন করণের চাচাতো ভাই আদিত্য চোপড়া। যখন রানি এই ছবির শুটিং করেন তখন তার বয়স ১৯। বর্তমানে রানি-আদিত্য চুটিয়ে সংসার করছেন।

‘আমান মেহরা’র চরিত্রে প্রথমে প্রস্তাব যায় সাইফ আলী খানের কাছে। তিনি রাজি না হওয়ায় সালমান খানের কাছে যান করণ।

ছবিতে শাহরুখ খান ছিলেন এক ব্যবসায়ী। করণ জানান, ওই সময় ব্যবসা সম্পর্কে কোনো ধারণাই ছিল না কিং খানের।

ছবির শেষ দৃশ্য শাহরুখের একেবারেই পছন্দ ছিল না। কারণ এত বেশি কান্না ছবির শেষে তার একেবারেই ভালো লাগেনি।

শাহরুখের রংচঙে পোশাক দারুণ হিট হয়। তবে নায়ক জানান, পোশাকগুলো খুব টাইট ছিল।

জনপ্রিয় একটি ডায়ালগ ছিল, ‘তুসি যা রহে হো? ইয়ুসি না যাও’। এই ডায়ালগ ছবিতে সর্দার শিশুশিল্পী পারজান দস্তুরের মুখে শুনতে পাওয়া গেলেও, আসলে তা ডাব করে আরেক শিশুশিল্পী কাইভাল্য চেড্ডা।

সর্দার পারজানকে খুব পছন্দ করতেন শাহরুখ। ছেলে আরিয়ান যখন সেটে আসত তখন শাহরুখ তাকে পারজানের মতো পোশাকে সাজাতেন।

ছবির আরেক শিশুশিল্পী ‘অঞ্জলি’ সানা সাঈদ কিছুতেই কান্নার দৃশ্যে গ্লিসারিন ব্যবহার করতে চাইত না। ফলে কান্নার দৃশ্যে করণের কাজ ছিল তাকে কাঁদানোর।

ছবিতে একবার সাইকেল চালাতে গিয়ে কাজল গুরুতরভাবে আহত হয়েছিলেন। যার কারণে কিছুদিনের জন্য স্মৃতিভ্রংশ হয়েছিল। এমনকি সেই সময়ের প্রেমিক, বর্তমানে স্বামী অজয় দেবগণকে চিনতেও পারছিলেন না।

যখন কাজলের কিছুই মনে পড়ছিল না, সেই সময় শাহরুখ সারাক্ষণ বুঝিয়ে গিয়েছিলেন কাজল একজন জুনিয়র শিল্পী।

‘কুছ কুছ হোতা হ্যায়’ আসলে ছিল জনপ্রিয় আর্চিস কমিকসের অনুকরণে। শাহরুখের চরিত্র গড়ে উঠেছে ‘আর্চি’র অনুপ্রেরণায়। কাজল ‘বেটি’ ও রানি ‘ভেরোনিকা’র অনুকরণ।

যখন ছবির সামার ক্যাম্পে আবার শাহরুখ-কাজলের দেখা হয়, সেই দৃশ্যে পরিচালক করণ জোহর এত বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন যে তিনি কেঁদে ফেলেন।

‘সাজনজি ঘর আয়ে’ গানটি যখন শুট  হচ্ছিল তখন সালমান ও কাজলের সম্পর্ক খুব খারাপ। যা পর্দায় একদমই বোঝা যায়নি।

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে করণের মা হিরু জোহরও দেখা দিয়েছেন।

ছবিটি মুক্তি পায় ১৯৯৮ সালের ১৬ অক্টোবর। ১৪ কোটি রুপি বাজেটের বিপরীতে আয় করে নেয় একশ’ কোটিরও বেশি।