শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বাগেরহাটের শরণখোলায় মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার দুপুরে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে পিবিআই তাকে গ্রেপ্তার করে। তাকে বাগেরহাট পিবিআই কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আসামি মাওলানা মো. ইলিয়াস জমাদ্দার (৫৫) শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের প্রয়াত আব্দুল গাফফার জমাদ্দারের ছেলে। মাওলানা মো. ইলিয়াস জমাদ্দার স্থানীয় মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। ধর্ষণের শিকার ছাত্রী তার প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করে।

মামলার বরাত দিয়ে বাগেরহাট পিবিআই কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. আবু সাইয়েদ বিকেলে এ প্রতিবেদককে বলেন, গত ৮ আগস্ট সকাল ৯টার দিকে ইলিয়াস জমাদ্দার তার মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে মাদ্রাসার লাইব্রেরিতে নিয়ে ধর্ষণ করেন। ওই ছাত্রী ঘটনাটি তার পরিবারকে জানালে শিশুটির বাবা ইলিয়াস জমাদ্দারের বিরুদ্ধে শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ঘটনার পরপরই মাদ্রাসা সুপার এলাকা ছেড়ে পালিয়ে যান।

তিনি জানান, সোমবার শরণখোলা থানায় করা ধর্ষণের মামলাটি তদন্ত করতে পিবিআইকে দেওয়া হয়। সেই থেকে আমরা মামলাটি তদন্ত করছি। বৃহস্পতিবার দুপুরে গোপণ সংবাদের ভিত্তিতে জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করা হয়। তাকে বাগেরহাট পিবিআই কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।