নাব্যতা সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ২ দিন ধরে ফেরি চলাচল বন্ধ

পদ্মায় নাব্য সংকটের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌরুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ঘাটে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনশ্রমিকরা। সংকট নিরসন না হওয়া পর্যন্ত বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, ফেরি বন্ধ থাকায় ঘাটে যাত্রীর চাপ অনেক বেড়ে যায়। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। এতে অতিরিক্ত যাত্রীসহ ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে যানগুলো।

ট্রাকচালক আজাদ দেশ রূপান্তরকে বলেন, ‘এমনিতেই তিন দিন ধরে ঘাটে সিরিয়ালে ছিলাম। বুধবার আমাদের অন্য ঘাট ব্যবহার করতে বলা হয়। গাড়িতে অনেক লোড আছে। আরও দু-এক দিন অপেক্ষা করে দেখি ফেরি চলাচল শুরু হয় কি না। আটকে পড়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। এ সংকট সমাধান করে দ্রুত ফেরি চলাচলের দাবি জানাচ্ছি।’

মোংলা থেকে মালামাল বোঝাই করে আসা চালক নজরুল বলেন, ‘ফেরি এক দিন চালু থাকলে দুই দিন বন্ধ থাকে। ঘাটটি প্রধানমন্ত্রীর সরাসরি মনিটরিং করা উচিত। আমরা বহু কষ্টে দিন কাটাচ্ছি।’

কাঁঠালবাড়ী ঘাট কর্তৃপক্ষ দেশ রূপান্তরকে জানায়, লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে পানি কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নাব্য সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে গত মঙ্গলবার সন্ধ্যা থেকেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। গতকালও ৯টি ড্রেজিং মেশিন দিয়ে চ্যানেলের পলি কাটা হয়েছে। শুক্রবার বিকেলের মধ্যে ড্রেজিংয়ের কাজ শেষ হবে। সেই হিসেবে আগামী শনিবার থেকে ফেরি চলাচল স্বাভাবিক হবে আশা করা হচ্ছে।