গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, লুটপাটসহ বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশ করায় ঢাকা ও গাইবান্ধার ১২ সাংবাদিক ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে করা হয়রানিমূলক দুটি মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সামনে সুন্দরগঞ্জ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক মহলের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম লেবু, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জাসদের সভাপতি মুসলিম আলী, সাধারণ সম্পাদক মুন্সি আমিনুল ইসলাম সাজু, নদী বাঁচাও দেশ বাঁচাও আন্দোলনের নেতা সাদেকুল ইসলাম দুলাল, সাংবাদিক হবিবুর রহমান খান, ইমদাদুল হক, এ কে এম শামছুল হক, শাহজাহান মিয়া, কারী জায়েদ খান, শেখ মামুন-উর-রশিদ প্রমুখ।
মানববন্ধনে শিক্ষক, সুধী সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।