শেখ কামাল ক্লাব কাপ

শেষ মুহূর্তে সরে দাঁড়াল ঢাকা আবাহনী

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের অন্যতম আকর্ষণ ছিল ছ’বারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও বর্তমান রানার্সআপ ঢাকা আবাহনী লিমিটেড। প্রতিষ্ঠাতার নামে এই টুর্নামেন্ট, স্বভাবতই ঢাকা আবাহনীকে বাদ দিয়ে এই আসরের কথাই চিন্তা করা যায় না। অথচ সেই ঢাকা আবাহনীই আগামীকাল থেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হতে যাওয়া আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।

গত বুধবার সন্ধ্যায় নিজেদের অপারগতা প্রকাশ করে আয়োজক চট্টগ্রাম আবাহনীকে চিঠি দেন আগের দু’আসরে খেলা আবাহনীর কর্তারা। কারণ হিসেবে তারা দেখিয়েছেন চলমান দলবদলে এখনো দল গোছানো সম্ভব হয়নি তাদের পক্ষে। বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন আবাহনীর ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ। আয়োজক কমিটির সমন্বয়ক শাকিল আহমেদ চৌধুরীও আবাহনীর না থাকাটা নিশ্চিত করে বিকল্প দল হিসেবে ভারতীয় আই লিগের দল গোকুলাম কেরালা এফসিকে উড়িয়ে আনার কথা জানিয়েছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনীকে ‘বি’ গ্রপে রেখে ড্রয়ের মাধ্যমে আরও দুটি দল চ‚ড়ান্ত করেছিল আয়োজকরা। এই  গ্রুপের অপর দুটি দল ভারতের আই লিগ চ্যাম্পিয়ন চেন্নাইয়ান সিটি এফসি এবং মালয়েশিয়ার শীর্ষ লিগের দল তেরেঙ্গানু এফসি। ওদিকে ‘এ’ গ্রুপের দল চারটি হলো ২০১৭ আসরের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব, আয়োজক চট্টগ্রাম আবাহনী, ভারতের মোহনবাগান এসি এবং লাওসের ইয়ং এলিফ্যান্ট এফসি। আবাহনী নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় গোকুলাম কেরালা এফসি তাদের স্থলাভিষিক্ত হবে। গতকাল আসরের আয়োজক দল চট্টগ্রাম আবাহনীসহ চারটি দল পৌঁছে গেছে চট্টগ্রামে। সিটি স্পোর্টস এফসি এবং চট্টগ্রাম আবাহনীর ম্যাচ দিয়ে আগামীকাল থেকে মাঠে গড়াবে আসরটি।