সম্প্রতি থাইল্যান্ডে ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, একটি নালা থেকে প্রায় চার মিটার লম্বা কিং কোবরাকে ধরছেন কয়েকজন। এ ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করার পর তা ভাইরাল হয়েছে হু হু করে।
দক্ষিণ থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনস্থল ক্রাবি এলাকায় সম্প্রতি বিশাল এ কিং কোবরাকে দেখতে পাওয়া যায়। একটি আবাসনের নিরাপত্তাকর্মী প্রথম দেখতে পান সাপটিকে। খবর পায় স্থানীয় ক্রাবি পিটাকপ্রাচা ফাউন্ডেশন।
এর কর্মীরা সাপ ও অন্যান্য বন্যপ্রাণী উদ্ধার করে থাকে। তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। কিং কোবরা উদ্ধার অভিযানের পুরোটা ক্যামেরাবন্দি করা হয়।
ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারী দলের কয়েকজন কিং কোবরাটিকে ধরার চেষ্টা করছেন। তাদের মধ্যে একজন একটি নালার ভেতরে সেটিকে দেখতে পেয়ে লেজ ধরে টেনে আনার চেষ্টা করছেন। কিন্তু হাত ফস্কে সেটি আরও ভিতরে চেলে যায়। তিনিও সাপটির পিছু নিয়ে নালার ভিতরে ঢুকে পড়েন। উল্টো দিকেও অপেক্ষা করছিলেন উদ্ধারকারিরা। এবার সাপটিকে ধরে ফেলেন তারা।
সাপটিকে পাঁচজন উদ্ধারকারী ধরে পোজ দিয়ে ছবিও তোলেন।
সাপটি ধরা পড়ার পর সেটির মাপ নেওয়া হয়। দেখা যায়, সাপটি প্রায় চার মিটার লম্বা। সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তারা।