প্রথম পোস্টেই ইনস্টাগ্রাম ক্র্যাশ, ক্ষমা চাইলেন জেনিফার

‘ফ্রেন্ডস’-খ্যাত জেনিফার অ্যানিস্টন সম্প্রতি ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে খুলেছেন। ওই খবর পেয়েই ফটো শেয়ারিং সাইটটিতে ভিড় জমাতে শুরু করেন নায়িকার ভক্তরা। আর এতে সাময়িকভাবে ক্র্যাশ করে ইনস্টাগ্রাম। এমন ভুতুড়ে ঘটনায় ক্ষমাও চাইলেন তিনি।

এক ঘণ্টায় ইনস্টাগ্রামে এক লাখ ১৬ হাজারের বেশি অনুসারী পেয়েছেন অ্যানিস্টন। ক্র্যাশ করার আগে তার প্রথম পোস্টটি এক লাখের মতো লাইক পেয়েছে।

সম্প্রতি পালিত হলো ‘ফ্রেন্ডস’ সিরিজের ২৫ বছর পূর্তি। এই উপলক্ষে সিরিজের তারকারা এক হয়েছিলেন। সেখানে তোলা একটি সেলফিই ছিল ইনস্টাগ্রামের প্রথম পোস্ট। ছবিতে অ্যানিস্টনের সঙ্গে আছেন কর্টনি কক্স, লিসা কুড্রো, ম্যাট লেব্লাঙ্ক, ম্যাথু পেরি ও ডেভিড শুইমার। ক্যাপশনের নায়িকা লেখেন, “এবং এখন আমরা ইনস্টাগ্রামেও বন্ধু। হাই ইনস্টাগ্রাম।”

সেলফিটির নিচে মন্তব্যের ঘরে ভিড় জমান রিস উইদারস্পুনসহ অনেকে। এমনকি বলিউড তারকারাও শুভেচ্ছা জানান। ফলোয়ারদের মধ্যে দেখা যায় অ্যাডাম স্যান্ডলার ও অ্যানিস্টনের সাবেক স্বামী জাস্টিন থেরক্সকে।

এদিকে বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন জেনিফার অ্যানিস্টন। সেখানে দেখা যায় ক্র্যাশ করায় মোবাইল ছুড়ে মেরেছেন। ক্যাপশনে দুঃখ প্রকাশ করেন। উষ্ণভাবে স্বাগতম জানানোয় সবাইকে ধন্যবাদও দেন তিনি।

এই ভিডিও’তে মন্তব্য করেন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ ও অভিনেত্রী গিনেথ প্যালট্রো।

৫০ বছর বয়সী জেনিফার অ্যানিস্টন ১০ সিরিজ ধরে চলমান ‘ফ্রেন্ডস’-এ অভিনয় করেন। প্রথম সিজনের সময় তার বয়স ছিল ২৫ বছর। বর্তমানে হিট সিরিজটি নেটফ্লিক্সে দেখা যাচ্ছে।