নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবার নেতিবাচক মন্তব্য করলেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
অভিজিৎকে ‘একজন বামপন্থী’ আখ্যা দিয়ে রেলমন্ত্রীর বক্তব্য, ‘আমি নোবেল জেতার জন্য অভিজিৎকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু তার চিন্তাভাবনা সম্পর্কে আশা করি সকলেই জানেন। বামপন্থায় বিশ্বাসী। কংগ্রেসের ন্যায় প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু সেই প্রকল্পকে মানুষ প্রত্যাখ্যান করেছে।’
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল জয়ের পর প্রথম সাংবাদিক বৈঠকেই ভারতের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বিরোধী দল কংগ্রেসের ‘ন্যায় প্রকল্পের’ অন্যতম পরামর্শদাতা।
নোবেল পাওয়ার আগে নোট বাতিলের জন্যও মোদি সরকারের তীব্র সমালোচনা করেন। এই সিদ্ধান্ত কী উদ্দেশ্যে সেটা নিয়েও প্রশ্ন তোলেন অভিজিৎ।
এদিকে পীযূষ গোয়েলের মন্তব্যের সমর্থন করতে গিয়ে মাত্রা ছাড়িয়েছেন আরেক বিজেপি নেতা। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেছেন, ‘দ্বিতীয় স্ত্রী যাদের বিদেশি তারাই নোবেল পাচ্ছেন। জানি না, এটা কোনও ডিগ্রি কিনা! পীযূষ গোয়েল যা বলেছেন ঠিকই বলেছেন। অভিজিৎ অর্থনীতিকে বামপন্থী নীতির সঙ্গে গুলিয়ে ফেলছেন।’