ভারতের বহুল আলোচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ তার রাজ্য উত্তর প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে কলেজ শিক্ষার্থীদের রোষানলে পড়েছেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এই নির্দেশ শুধু শিক্ষার্থীদের জন্যে নয়, সব শিক্ষক-অধ্যাপক-শিক্ষাকর্মীদের জন্যেও প্রযোজ্য। ইতিমধ্যে সেখানকার উচ্চশিক্ষা দপ্তর থেকে এ বিষয়ে নির্দেশিকা জারি হয়েছে।
দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভেতরে এখন থেকে কোনও শিক্ষার্থী মোবাইলফোন সঙ্গে আনতে বা ব্যবহার করতে পারবে না। রাজ্যের শিক্ষকরাও এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত।
কেন এই পদক্ষেপ? ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
এই খবর শোনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন শিক্ষার্থীরা। জীবন মাধবন নামের একজন লিখেছেন, ‘যোগী আসলে আমাদের তার মতাদর্শের সঙ্গে বেড়ে উঠতে বলছেন। তিনি যেভাবে পৃথিবী দেখেন, সেভাবে দেখতে বলছেন। এভাবে পরিবর্তন সম্ভব নয়।’