তুরস্কের যুদ্ধবিরতিকে স্বাগত ট্রাম্প ও জাতিসংঘের

সিরিয়ার উত্তরাঞ্চলের কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতিসংঘ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘তুরস্ক সঠিক কাজ করেছে এবং সেজন্য আমি এরদোয়ানের প্রতি সম্মান জানাই। আমি এরদেয়ানকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তিনি আমার বন্ধু। আমি খুশি যে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই।’

অন্যদিকে জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, ‘জাতিসংঘ চার্টার ও আন্তর্জাতিক আইন মেনে বেসামরিকদের সুরক্ষায় যেকোনো পদক্ষেপকে স্বাগত জানান মহাসচিব। মহাসচিব অ্যান্থনিও গুতেরেস মনে করেন সিরীয় সংকট মোকাবিলায় এখনো আরও অনেক কিছু করার আছে। এখনো অনেক পথ বাকি।’

গত ৬ অক্টোবর এরদোয়ানের সঙ্গে কথা বলে ট্রাম্প জানান, সিরিয়ার তুর্কি সীমান্ত এলাকা থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি প্রত্যাহার করে নেওয়া হবে। সমালোচকরা বলছেন, এ ঘোষণার মধ্য দিয়ে তুরস্ককে সিরিয়ায় অভিযান পরিচালনার ‘সবুজ সংকেত’ দিয়েছে হোয়াইট হাউজ। তবে এই অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প।

চলতি বছরের ৯ অক্টোবর তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তুরস্কে পাঠানোর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।