ঢাকায় চলমান উয়েফা অ্যাসিস্ট অনূর্ধ্ব-১৬ ডেভেলপমেন্ট ফুটবলে টানা দ্বিতীয় জয় তুলেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার ফারো আইল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক কিশোররা। কম্বোডিয়ার বিপক্ষে আগের ম্যাচেও জিতেছিল তারা। সে ম্যাচে মইনুল ইসলাম পেয়েছিলেন জোড়া গোল। ছন্দ ধরে রেখে দ্বিতীয় ম্যাচেও ২ গোল করেছেন এই মিডফিল্ডার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মইনুলের দুই অর্ধে দুই গোলের সঙ্গে ৭৯ মিনিটে পলাশ আহমেদ নোভার লক্ষ্যভেদে সহজ জয় পেয়েছে বংলাদেশ। ২৬ মিনিটে মইনুলের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়া। ওই গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। বিরতির পর অবশ্য বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় বাংলাদেশ। এর মধ্যেই ৭৩ মিনিটে সমতায় ফেরে ফারো আইল্যান্ডস। ডিফেন্ডার মুরিটস মোর বিসগার্ডের গোলে পয়েন্ট হারানোর শঙ্কা জন্মে বাংলাদেশ ক্যাম্পে। যদিও সেই শঙ্কা উড়িয়ে দিতে বেশি সময় লাগেনি। ৬ মিনিট পর (৭৯ মিনিটে) বাংলাদেশ আবার এগিয়ে যায় ফরোয়ার্ড পলাশের গোলে। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন মইনুল।
টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশ লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ২০ অক্টোবরের ম্যাচটিও হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।